ছবি: অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু
গাজীপুর প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর) আসন থেকে বিজয়ী বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুকে মন্ত্রীসভায় রাখার দাবি তুলেছেন এলাকার মানুষ। গত বৃহস্পতিবারের নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের খেলাফতের মজলিশের প্রার্থী মোহাম্মদ এহসানুল হককে ৬১ হাজার ৯০৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। দুর্নীতি, মাদক এবং সন্ত্রাস বিরোধী কঠোর ভ‚মিকার জন্য ডা. বাচ্চু এলাকায় ব্যাপক জনপ্রিয়।
বাচ্চুর প্রধান নির্বাচনী এজেন্ট বিএনপি নেতা এসএম মাহফুল হাসান হান্নান বলেন, বিএনপির প্রতিষ্ঠার পর ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুই প্রথম ব্যক্তি যিনি শ্রীপুর থেকে বিএনপির হয়ে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। তিনি দেশের একজন খ্যাতনামা চিকিৎসক। ড্যাবের কেন্দ্রীয় নেতা। আমরা তাকে মন্ত্রী সভায় চাই। আমাদের বিশ^াস তিনি মন্ত্রী হলে সততার সাথে দেশের জন্য কাজ করবেন।
তৃণমূলের লোকজন বলেন, ২০১৪ সালের ডিসেম্বরে বাসার সামনে বালুর ট্রাক রেখে অসুস্থ দেশনেত্রী খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছিল শেখ হাসিনা সরকার। ওই সময় গ্রেপ্তারের ঝুঁকি মাথায় নিয়ে প্রতিদিন নেত্রীর বাসায় গিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজ-খবর নিতেন অধ্যাপক ডা. বাচ্চু। বিগত স্বৈরাচার হাসিনা সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে কেন্দ্রীয় ভাবে এবং এলাকায় তিনি ছিলেন সক্রিয়। একাধিকবার গ্রেপ্তার হয়ে জেলে গেছেন। এমনকি তাকে সরকারী চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। তার জীবনযাপন অতি সাধারন। গাজীপুরের ৫টি আসনের মধ্যে তিনি সর্বোচ্চ ৬১ হাজার ৯০৪ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন। মন্ত্রী সভায় স্থান পেলে ডা. বাচ্চু চমক দেখাতে পারবেন। বিএনপি প্রধান তারেক রহমানের কাছে এলাকার মানুষের একটাই দাবি, ‘অধ্যাপক ডা. বাচ্চুকে মন্ত্রী সভায় চাই’।




