নিজস্ব প্রতিবেদক
শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন সচিব পদে যোগদান করেছন আবদুল খালেক। যোগদানের সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রনালয়ের কর্মকর্তা-কর্মচারিরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
বুধবার বিকালে শিক্ষা সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান আবদুল খালেক। বিসিএস ৮৪ ব্যাচের এই কর্মকর্তা এর আগে শিক্ষা মন্ত্রনালয়ে চাকরি করেছেন। বর্তমানে তিনি ঢাকা অফিসার্স ক্লাবের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন। জন প্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয় সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ি আবদুল খালেককে অন্য যে কোনো পেশা, ব্যবসা, কিংবা সরকারি, আধা সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান, সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব পদে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনকে বদলি করা হয়।
আবদুল খালেক বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮৪ ব্যাচের একজন চৌকস ও পেশাদার কর্মকর্তা হিসেবে সুপরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এল এল এম ডিগ্রি অর্জন শেষে ১৯৮৬ সালে প্রশাসন ক্যাডারের একজন সদস্য হিসেবে যোগদান করেন।
তিনি সহকারি কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ছাড়াও জেলা প্রশাসক হিসেবে যশোর ও চাঁদপুরের সফলভাবে দায়িত্ব পালন করেন। তবে বিগত আওয়ামীগ সরকারে সময়ে তাঁকে দফায় দফায় পদোন্নতি বঞ্চিত করাসহ ডাম্পিং পোষ্টিংয়ে ফেলে রাখা হয়। তিনি দিনাজপুর ও গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাড়াও স্থানীয় সরকার বিভাগ, ভূমি মন্ত্রনালয়, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য ও নৌ মন্ত্রনালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট করপোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) ও বোর্ড অব ইনভেসমেন্টে (বিওআই) দায়িত্ব পালন করেন। নির্যাতিত কর্মকর্তা বিবেচনায় ২৪এর গণ অভ্যুত্থানের পর ভূতাপেক্ষভাবে তিনি অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি লাভ করেন।
আবদুল খালেক নেত্রকোনা বারহাট্ট্রা উপজেলার বাউসি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী মিসেস রুবিনা খালেক একজন কলেজ শিক্ষক। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। শিক্ষা সচিব পদে যোগদানের পূর্বে তিনি পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।



