গাজীপুর প্রতিবেদক
গাজীপুরের নেসলে ফুড কারখানার ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। বুধবার কারখানার সুপারভাইজার জালাল উদ্দিন (৫১) বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১০-১৫জনকে আসামি জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন।
জালাল উদ্দিন গাজীপুর সদর উপজেলার ধলীপাড়া গ্রামের মৃত হাসেন আলী সিকদারের ছেলে।
বাদি এজাহারে উল্লেখ করেন, আসামীরা কর্মস্থল জয়দেবপুর থানার পূর্ব নয়নপুরে অবস্থিত নেসলে বাংলাদেশ লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীদের সহিত অনিয়মিত শ্রমিক সরবরাহ ও ঝুট ব্যবসাকে কেন্দ্র শত্রæতা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। গত মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে যুবদল নেতা শ্রীপুর থানার নোয়াগাঁও (বড়চালা) গ্রামের মো. নজরুল ইসলাম (৫০) ও তার ছোট ভাই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে (৪৪) আসামিরা দা, চাপাতি, ছোরা ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক কারখানায় প্রবেশের চেষ্টা করে। তিনি বাধা দিলে প্রতিষ্ঠানের শ্রমিক সরবরাহের কাজ অন্যথায় নজরুল ইসলামকে প্রতি মাসে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি এসব বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত কথা বলতে অনুরোধ করলে ক্ষিপ্ত আসামিরা জালাল উদ্দিন, সাগর হোসেন, আবদুল জলিলসহ ৭-৮ জন শ্রমিককে কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
জয়দেবপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, কারখানার সুপার ভাইজার জালাল উদ্দিন বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপরদিকে নজরুল ইসলাম বাদি হয়ে আরো একটি অভিযোগ দায়ের করেছেন। এটিও মামলা হিসেবে গ্রহণ করা হবে।



